চট্টগ্রামে নারীঘটিত অভিযোগের পর সাংগঠনিক চারটি পদ হারিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ ইসমাইল। সমপ্রতি তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘সার্বিক দিক বিবেচনায় মহানগর সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে।’
দলীয় সূত্র জানায়, অভিযোগ তদন্তে জামায়াতের গঠিত কমিটি অভিযোগগুলোর সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ৭ই অক্টোবর ইসমাইলকে চান্দগাঁও থানা আমীরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পরদিন তার স্থলে অধ্যাপক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানা আমীরের দায়িত্ব দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা মানবজমিনকে জানান, নারীঘটিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসমাইলের রুকন পদও ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
