জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার মুঠোফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা। সন্ত্রাসীরা ওই নারীর দিকে অস্ত্র তাক করে বলেন- ‘ব্যাগ দে, নইলে গুলি করে দেব’। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার মঙ্গলখালী এলাকায় রমজান আলী চৌধুরী হাট ও গশ্চি মোহাম্মদ জামা সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম সামশুন নাহার (৫০)। তিনি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া গ্রামের হাজী মোহাম্মদ আফজালের স্ত্রী। পরিবারের সদস্যদের দাবি, কেনা জমি রেজিস্ট্রি করার জন্য ওই টাকা নিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন। জানা গেছে, সামশুন নাহার স্বজনদের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে রেজিস্ট্রি কার্যালয়ের উদ্দেশে রওনা হন। পথে মঙ্গলখালী এলাকায় দুটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করেন। তাদের মধ্যে দু’জনের হাতে পিস্তল ছিল বলে অভিযোগ রয়েছে।
অস্ত্রের মুখে তারা সামশুন নাহারের কাছে থাকা টাকার ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ভুক্তভোগীর ছেলে মো. আরিফ জানান, জমি রেজিস্ট্রির জন্য পরিবারের সদস্যরা প্রায় ২৭ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। এর মধ্যে দুটি ব্যাংক থেকে তিন লাখ ও সাত লাখ টাকা তোলা হয়। এ ছাড়া আগে আরও ১০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছিল। সব মিলিয়ে জমি রেজিস্ট্রির জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হয়। আরিফের দাবি, তার মায়ের ব্যাগে ২৫ লাখ টাকা ও কিছু খুচরা টাকা ছিল। অন্য একটি বাজারের থলেতে ছিল আরও দুই লাখ টাকা। ঘটনার সময় অটোরিকশায় সামশুন নাহারের সঙ্গে ছিলেন মসজিদের ইমাম তাজু আহমেদ ও তাদের স্বজন মো. জাফর। জাফর অটোরিকশাটি চালাচ্ছিলেন। আরিফ আরও কিছু টাকা সংগ্রহ করতে মোটরসাইকেলে করে তাদের আগে বোনের শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। আরিফ বলেন, গন্তব্যে পৌঁছানোর পর অন্য একটি নম্বর থেকে তার মা ফোন করে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার কথা জানান। প্রথমে তিনি কোনো দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করেছিলেন।
পরে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইয়ের বিষয়টি জানতে পারেন। মায়ের বরাত দিয়ে আরিফ আরও বলেন, সড়কের বাঁকে তিন যুবক অটোরিকশাটির সামনে এসে গতিরোধ করেন। এরপর অস্ত্র তাক করে তার মায়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। অটোরিকশাচালক মো. জাফর জানান, সড়কের বাঁকে হঠাৎ তিন যুবক অটোরিকশার সামনে দাঁড়িয়ে তাকে গাড়ি থামাতে বলেন। এ সময় তারা তার মুঠোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন। অস্ত্র তাক করায় তিনি ফোন ছেড়ে দেন। পরে সামশুন নাহারের ব্যাগ নিয়ে টানাটানি শুরু করেন দুর্বৃত্তরা।
তিনি ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে টেনেহিঁচড়ে সেটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ঘটনার পর রাউজান থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
