প্রকাশিত হয়েছে ফেরদৌস ওয়াহিদ ও আমিরুল মোমেনীন মানিক এর নতুন গান ‘সূর্যবার’। গানটি ইতিমধ্যে ‘মানিক মিউজিক’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে। হতাশা, সংকট এবং স্বপ্নভঙ্গের বিপরীতে আশা জাগানিয়া এ গানটির কথা লিখেছেন জীবনমুখী গানের শিল্পী আমিরুল মোমেনীন মানিক। সুর করেছেন পিজিত মহাজন। সংগীতায়োজনে ছিলেন অটমনাল মুন। গানটি প্রসঙ্গে পপতারকা ফেরদৌস ওয়াহিদ বলেন, আমাদের জীবনে প্রতিনিয়তই স্বপ্নভঙ্গ এবং বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটছে। নানা কারণে আমরা হতাশ হয়ে পড়ছি। এসব হতাশা এবং অন্ধকারের বিরুদ্ধে আমরা মানুষের হৃদয়ে আশা জাগাতে গেয়েছি ‘সূর্যবার’ শিরোনামের গান।
গানটির যেমন কথা তেমনই সুর। এক কথায় অসাধারণ। বহুদিন পর এরকম বাস্তববাদী গানে কণ্ঠ দিলাম। আমার বিশ্বাস, এর মধ্যদিয়ে ইতিবাচক বাঁকবদলের পক্ষে বাংলা গান একধাপ এগিয়ে যাবে। গানটি প্রসঙ্গে আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘সূর্যবার’ একটি অন্ধকারের বিরুদ্ধে আশা জাগানিয়া একটি গান। প্রকাশের খুব অল্প সময়ে গানটি থেকে দারুণ সাড়া মিলছে। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে গানটি আরও ভালো অবস্থানে যাবে। আশির দশকের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। সে সময় থেকে পপ গান গেয়ে তুমুল সাড়া ফেলেন তিনি।
তার কালজয়ী গানগুলো এখনো মানুষের মুখে মুখে। অন্যদিকে ২০০৫ সালে আমিরুল মোমেনীন মানিক ‘মা যে দশ মাস দশ দিন’ শিরোনামের গান দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। পরবর্তীতে প্রখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে তার গাওয়া ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’, ‘সকাল হবে কি’ গানগুলো জনপ্রিয়তা পায়। সাংবাদিকতায় মানিক ২০১১ সালে পেয়েছেন সম্মানজনক ‘ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড’। ইউটিউব জার্নালিজমের ধারণা দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘চেঞ্জটিভি. প্রেস’। বর্তমানে মানিক হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ হিসেবে কর্মরত।
