চলতি প্রজন্মের অভিনেত্রী রুবাইয়া এশা। উপস্থাপনায় আগেই দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন, সেই রেশ যেন অভিনয়েও রয়ে গেছে। তার অভিনীত খুব বেশি নাটক যে প্রচারিত হয়েছে এমনটি নয়। তবে যে ক’টি নাটক প্রচারিত হয়েছে সব ক’টিতেই তার সাবলীল অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। তার অভিনীত প্রথম নাটক ‘প্রীতি আমি আর আসবো না’ প্রচারে আসে চলতি বছরের শুরুতে। নাটকে ‘প্রীতি’ চরিত্রে অভিনয় করেই প্রশংসিত
হন তিনি। এটি ছিল ইমরাউল রাফাতের নির্মাণ। এরপর রুবাইয়া এশাকে ‘অজান্তে’ নাটকে অভিনয়ে দেখা যায়। এটিও একই পরিচালকের নাটক। দুই নাটকে তার সহশিল্পী ছিলেন আরশ ও নাওভী।
এরই মধ্যে গত ২২শে অক্টোবর প্রচারে আসে সকাল আহমেদ পরিচালিত ‘বেস্ট ফ্রেন্ড অর বয় ফ্রেন্ড’ নাটকটি। এই নাটকে তার সহশিল্পী আবিদ প্রান্ত। নাটকে উচ্ছ্বল প্রাণবন্ত তরুণী আরিয়া চরিত্রে অভিনয় করে বেশ সাড়া পাচ্ছেন তিনি। রুবাইয়া এশা বলেন, ‘বেস্ট ফ্রেন্ড অর বয় ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ সকাল আহমেদ ভাইকে। আর সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব আসছে। সিনেমাতে অভিনয়ের সিদ্ধান্ত সঠিক সময়েই নিবো। এই মুহূর্তে আমি একক ও ধারাবাহিক নাটক, উপস্থাপনা, ওটিটি’র কাজ এবং কমার্শিয়ালের কাজ নিয়ে ব্যস্ত। পেশাগতভাবে উপস্থাপনায় এশা বিগত তিন বছরেরও বেশি সময় ধরে ‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এর সঙ্গে সম্পৃক্ত।
