মেঝে পরিষ্কার করা থেকে সুপারহিট নায়িকা

মেঝে পরিষ্কার করা থেকে সুপারহিট নায়িকা

ফন্ট সাইজ:

বলিউডে তারকা হয়ে ওঠার পেছনে থাকে নানা গল্প। কারও যাত্রা শুরু হয় অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে, কেউ আবার ছোট থেকেই স্বপ্ন দেখেন বড় পর্দায় পা রাখার। কিন্তু রাভিনা ট্যান্ডনের গল্পটা একটু আলাদা। চলচ্চিত্র পরিচালকের মেয়ে হয়েও ক্যামেরার সামনে আসার কোনো পরিকল্পনা ছিল না তার। বিজ্ঞাপনের সেটে কাজ করা, স্টুডিওর মেঝে পরিষ্কার করা, এমনকি শৌচাগারের মেঝে থেকে বমি পরিষ্কার করার মতো কাজও করতে হয়েছে তাকে। রাভিনা ট্যান্ডনের বাবা রবি ট্যান্ডন ছিলেন পরিচিত চলচ্চিত্র পরিচালক।

ফলে বলিউডের পরিবেশ তার কাছে একেবারে অচেনা ছিল না। কিন্তু চলচ্চিত্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও অভিনয়ে কোনো বিশেষ সুবিধা পেয়েছিলেন, এমনটা দাবি করেননি অভিনেত্রী। বরং নিজের চেষ্টাতেই ধীরে ধীরে পথ তৈরি করেছেন। এক সাক্ষাৎকারে রাভিনা জানান, দশম শ্রেণি পাস করার পর বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্করের সঙ্গে কাজ শুরু করেন তিনি। সেখানে ইন্টার্ন হিসেবে নানা ধরনের দায়িত্ব সামলাতে হতো তাকে। স্টুডিওর মেঝে পরিষ্কার করা থেকে শুরু করে বিভিন্ন জায়গা পরিষ্কার রাখার কাজও ছিল সেই দায়িত্বের মধ্যে।

রাভিনার কথায়, তখনো অভিনেত্রী হওয়ার কথা ভাবেননি তিনি। পর্দার পেছনে কাজ করতেই বেশি আগ্রহী ছিলেন। কিন্তু বিজ্ঞাপনের শুটিংয়ে কোনো মডেল সময়মতো পৌঁছাতে না পারলে প্রহ্লাদ তাকেই সাজগোজ করে ক্যামেরার সামনে দাঁড়াতে বলতেন। বারবার বিনা পারিশ্রমিকে ক্যামেরার সামনে দাঁড়ানোর বদলে কাজটিকে পেশা হিসেবে নেয়ার কথা ভাবেন রাভিনা। মডেলিং থেকেই আসে অভিনয়ের প্রস্তাব। এরপরে তার সফলতার গল্প সবারই জানা।