গভীর রাতে খুলনায় ছাত্রদল নেতাকে গুলি

গভীর রাতে খুলনায় ছাত্রদল নেতাকে গুলি

ফন্ট সাইজ:

খুলনার বটিয়াঘাটা উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখ (৩৬) গুরুতর আহত হয়েছেন। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা থানাধীন বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। সোহেল শেখ বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের কর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল শেখ মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় দু’টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকে অভিযান চালানো হচ্ছে।