দেশে পৌঁছালো ইউরেনিয়ামের তৃতীয় চালান

দেশে পৌঁছালো ইউরেনিয়ামের তৃতীয় চালান

ফন্ট সাইজ:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা পারমাণবিক জ্বালানির তৃতীয় চালান কঠোর নিরাপত্তায় প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার সকাল ৭টা ৪৬ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃঢ় নিরাপত্তায় ইউরেনিয়ামবাহী তিনটি লরি প্রকল্প চত্বরে প্রবেশ করে। এর আগে গত সোমবার সকাল আটটা ১৪ মিনিটে ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে রাশিয়ার একটি বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে ১২টি টিপিএস-এ করে মোট ৪১ টন জ্বালানি পরিবহন করা হয়। রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য মোট ৭টি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দু’টি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আসার কথা রয়েছে।

সব মিলিয়ে মোট নয়টি চালানে এই পারমাণবিক জ্বালানি আসবে। রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দু’টি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের ‘বি-২’ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন মিললেই ইউনিটটি পরবর্তী ধাপ ‘স্টেজ-সি’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে। এ ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি ও সুরক্ষাব্যবস্থা যাচাইয়ের পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু হবে।