শায়েস্তাগঞ্জে এলপিজি’র তীব্র সংকট

শায়েস্তাগঞ্জে এলপিজি’র তীব্র সংকট

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় ১৫ দিন ধরে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক। এ সুযোগে ১২ কেজির একটি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ৬০০ থেকে ৭০০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৪ঠা অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। তবে শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে এ সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ক্রেতারা।

স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন বাজারে এলপিজি সিলিন্ডারের সরবরাহ কমে গেছে। অনেক দোকানে চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোথাও সিলিন্ডার পাওয়া গেলেও বাড়তি দাম দিতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো।

ব্যবসায়ীদের একাংশের দাবি, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পর্যাপ্ত সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বসুন্ধরা, ওমেরা ও বিএম এলপিজি’র পরিবেশকদের মাধ্যমে সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, সরবরাহ সংকটকে পুঁজি করে কিছু বিক্রেতা অতিরিক্ত দাম আদায় করছেন। বিইআরসি নির্ধারিত দামের তুলনায় ক্রেতাদের প্রতি সিলিন্ডারে ৩৬৩ থেকে ৬৬৩ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। স্থানীয় গ্রাহকেরা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মিত বাজার তদারকি, নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা এবং সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।