মুক্তিপণ পেয়েও ফেরত দেয়নি কলেজছাত্র রিদয়নকে

মুক্তিপণ পেয়েও ফেরত দেয়নি কলেজছাত্র রিদয়নকে

ফন্ট সাইজ:

মুক্তিপণের টাকা পেয়ে অপহরণকারীরা ৩ দিনেও ফেরত দেয়নি অপহৃত কলেজছাত্র রিদয়ন আনসারী (২৫)কে। এদিকে রিদয়নকে ফিরে পেতে দিশাহারা পরিবারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হয়েছে। এ ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং র‌্যাব-৩ এর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। অপহৃত রিদয়ন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছেলে। তিনি বিবিএ পড়াশোনার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রাইভেট ফার্মে চাকরি করছিলেন। বর্তমানে রিদয়নের পরিবার রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করছেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় বোনের বাসা থেকে মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদয়ন। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সারারাত স্বজনরা বিভিন্ন হাসপাতাল ও থানায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে পরদিন রোববার ভোর ৫টা ৩৯ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে রিদয়নের বড় ভাইয়ের ফোনে কল আসে। ফোনকারী ব্যক্তিরা রিদয়নকে অপহরণের কথা জানায় এবং প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের জন্য তার সঙ্গে স্বজনদের কথা বলিয়ে দেয়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলের জীবন বাঁচাতে অপহরণ চক্রের চাহিদা অনুযায়ী বিকাশ ও নগদের মাধ্যমে দফায় দফায় টাকা পাঠায় পরিবারটি। প্রথম দফায় বিকাশে ৫ হাজার টাকা পাঠানো হয়। ?দ্বিতীয় দফায় প্রাণনাশের হুমকি দিয়ে ৩০ মিনিট পর অপর একটি বিকাশ নাম্বারে আরও ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়?। এরপর তৃতীয় দফায় ঢাকার হাতিরঝিল ২ নম্বর ব্রিজে এসে রিদয়নকে নিয়ে যেতে বলে নগদ নম্বরে আরও ৫ হাজার টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা। সবমিলিয়ে বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে মোট ৪০ হাজার টাকা হাতিয়ে নিলেও রিদয়নকে ফেরত দেয়নি অপহরণকারীরা।

এ ঘটনায় ভুক্তভোগীর খালাতো ভাই ফয়সল মাহমুদ গত রোববার গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব-৩ (খিলগাঁও ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী বলেন, টাকা দেয়ার পরও ভাইকে ফিরে না পাওয়ায় আমরা পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা শুধু আমার ভাইকে সুস্থ অবস্থায় ফেরত চাই। রিদয়ন আমাদের তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপহৃত রিদয়নকে উদ্ধার এবং এই অপহরণ চক্রটিকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে অপহরণের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।