প্রেমিকাকে চুম্বনের শাস্তি হিসেবে গত রোববার রাত ৮টা নাগাদ কলকাতার বেহালার সরশুনা এলাকায় প্রেমিকসহ তিন জনকে প্রকাশ্যে রাস্তায় বিবস্ত্র অবস্থায় হাঁটিয়েছে কিশোরীর পরিবার। সেই শাস্তির পাল্টা পদক্ষেপ হিসেবে মঙ্গলবার পুলিশ তিন অভিযুক্তকে প্রকাশ্য রাস্তায় কোমরে দড়ি বেঁধে হাঁটিয়েছে। আর এই দুই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই দুটি ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
পুলিশ সূত্রে খবর, ১৮ বছরের এক তরুণ রোববার সন্ধ্যায় সরশুনা এলাকার খালপার মাঠের সামনে ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে দেখা করতে যান। সঙ্গে ছিল তার ১৯ বছর বয়সি এক বন্ধুও। কথা বলতে বলতে তরুণ ওই নাবালিকাকে চুম্বন করেন। তা দেখে ফেলেন নাবালিকার মামার বন্ধু। তিনি তার বাবা এবং মামাকে বিষয়টি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ জানিয়েছে, প্রথমে ওই তরুণ এবং তার বন্ধুকে নাবালিকার পরিবারের লোক আটক করে মারধর করে। পরে ডাকা হয় প্রেমিক তরুণের বাবাকেও। তিনি আসলে তাকেও মারধর করা হয়। এরপর তিনজনকে নগ্ন করে বাড়ির সামনের ব্যস্ত সড়কে হাঁটানো হয়েছে।
এমনটি না করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। মূলত এ ভয়েই তিনজন নগ্ন অবস্থায় প্রায় ৫০ মিটার রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছেন।
এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা মেয়েটির বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইতোমধ্যে তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে সরশুনা থানায় সোমবার মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কিশোরীর বাবা প্রদীপ সরকার, মামা রাহুল বর্মন, মা রিঙ্কু সরকার, পড়শি শঙ্কর সাউকে। বাকি অভিযুক্তদেরও খুঁজছে পুলিশ।
মঙ্গলবার আদালতে তোলা হলে তাদের রিমান্ডের নির্দেশ দেয়া হয়। এরপরেই একই জায়গায় অভিযুক্ত তিন জনকে খালি গায়ে, কোমরে দড়ি পরিয়ে হাঁটায় পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে মানবাধিকার সংগঠন এপিডিআর’র সাধারণ সম্পাদক আলতাফ আহমেদ বলেছেন, যা ঘটেছে, তা লজ্জাজনক। দীর্ঘক্ষণ ধরে ওই তরুণ এবং তরুণের বাবার সঙ্গে এই ঘটনা ঘটল। অথচ পুলিশ পৌঁছায়নি। সময়মতো পুলিশ পৌঁছোলে এই ঘটনাটা ঘটত না।
আলতাফ আহমের প্রশ্ন, পাল্টা পুলিশ কি করল? অভিযুক্তদের অর্ধনগ্ন করে প্যারেড করালো!
তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী এভাবে অপরাধ কমানো যায় না। আসলে পুলিশ নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ। তারা সমস্ত আইন অমান্য করে রাজনৈতিক নির্দেশ পালন করছে।
