অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, ইনিংস ব্যবধানে হার রাজশাহীর

এনসিএল

অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, ইনিংস ব্যবধানে হার রাজশাহীর

ফন্ট সাইজ:

জাতীয় ক্রিকেট লীগের চতুর্থ রাউন্ডেও ছিল ব্যাটারদের দাপট। তিন ব্যাটার পান ডাবল সেঞ্চুরির দেখা। শেষ দিনে এই মাইলফলকে পৌঁছান সিলেটের ব্যাটার অমিত হাসান। ৩৩৫ বলে ২০১* রানের ইনিংস খেলেন সাদা পোশাকে কিছুদিন আগে জাতীয় দলে অভিষেক হওয়া এ ক্রিকেটার। রাজশাহীকে ইনিংস ও ১০৩ রানে হারায় ঢাকা। বাকি তিন ম্যাচে ফল নিষ্পত্তি হয়নি। চার রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে খুলনা। ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা। দুই পয়েন্ট কম নিয়ে তিনে চট্টগ্রাম। আর চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বরিশাল।



কক্সবাজারে খুলনার বিপক্ষে শেষদিনে ১৭১ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন অমিত। অপর প্রান্তে আশরাফুল হাসান রিহাদ ছিলেন ১০১ রানে অপরাজিত। আর ১৩ রান যোগ করে সাজঘরে ফেরেন রিহাদ। সাতে নামা তোফায়েল আহমেদ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তবে অপরপ্রান্তে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন অমিত। ২০১ রানের অপরাজিত ইনিংসে ছিল ১৬ চার ও ২টি ছক্কা। ৬ উইকেটে ৬৩২ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেট। জবাবে ৭ উইকেটে ১৯৯ রান তোলার পর দুই অধিনায়ক ম্যাচটি ড্র মেনে নেন। বগুড়ায় ময়মনসিংহ-চট্টগ্রাম ম্যাচও ড্র হয়। প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৭ উইকেটে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। জবাবে ৫৯৯ রান করে চট্টগ্রাম। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৬১ রান তুলতে পাঁচ ব্যাটারকে হারায় ময়মনসিংহ। সিলেট একাডেমি মাঠে রংপুর-বরিশাল ম্যাচেও ফল নিষ্পত্তি হয়নি। প্রথম ইনিংসে রংপুর তুলে ৪০২ রান। জবাবে ৯ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে বরিশাল। পরে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৮৮ রান তোলে রংপুর।


​