দলের দায়িত্ব নিয়ে দুর্দান্ত শুরু করলেও সাম্প্রতিক ব্যর্থতার জেরে চাকরি হারানোর তীব্র শঙ্কায় পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। গত রবিবার ওল্ড ট্রাফোর্ডে বোর্নমাউথের কাছে ৩-০ গোলের বড় হারের পর থেকেই রেড ডেভিলদের হটসিটে তার অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। টানা আট ম্যাচে জয়হীন থাকার খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে তার ইউনাইটেড-অধ্যায়।
ক্যারিকের ভবিষ্যৎ নির্ধারণ করতে সোমবার সকালে ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্স। সেখানে প্রায় তিন ঘণ্টা আলোচনার পর বিকেলে ক্যারিংটন ছাড়েন ইংলিশ এই কোচ। তবে বৈঠক শেষে ক্লাব বা ক্যারিক—কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আজ মঙ্গলবার দলের অনুশীলন সেশনে তার উপস্থিত থাকার কথা থাকলেও তার ওপর থেকে অনিশ্চয়তার কালো মেঘ কাটেনি।
গত জানুয়ারি মাসে রুবেন আমোরিমের স্থলাভিষিক্ত হয়ে দলকে দারুণ ছন্দে ফিরিয়েছিলেন ক্যারিক। তার অধীনে প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার তিনে উঠে আসায় তাকে দুই বছরের স্থায়ী চুক্তি উপহার দিয়েছিল ক্লাব। কিন্তু মাত্র পাঁচ মাসের ব্যবধানে চিত্র পুরোপুরি পাল্টে গেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জয় নেই দলের। চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলের হারের পর বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলের পরাজয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে ১২ ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র দুটি। ৮ ম্যাচ থেকে সংগ্রহ মোটে ৭ পয়েন্ট। পরিসংখ্যান বলছে, ১৯৮৬ সালের পর লিগে এটি ক্লাবটির অন্যতম বাজে শুরুর রেকর্ড। ইএসপিএন-এর তথ্য অনুযায়ী, ক্যারিককে অব্যাহতি দেওয়া হলে তার বিকল্প হিসেবে এডি হাউ ও ইউলিয়ান নাগেলসমানকে ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড।
চাকরি হারানোর শঙ্কায় ক্যারিক!
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ৫০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
