হামিদুর রহমান আযাদের আপিল শুনানি পেছালো

আদালত অবমাননার মামলা

হামিদুর রহমান আযাদের আপিল শুনানি পেছালো

ফন্ট সাইজ:

২০১৮ সালে আদালত অবমাননার মামলায় ৩ মাসের সাজার বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের আপিল শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগে সময় আবেদনের প্রেক্ষিতে শুনানির দিন পিছিয়ে এ দিন ধার্য করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন মানবজমিনকে জানান, আদালতে হামিদুর রহমান আযাদের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক শুনানিতে অংশ নেন। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ফুল বেঞ্চে আদালত অবমাননার এ বিষয়ে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। আংশিক শুনানিতে তার আইনজীবী দাবি করেন, হামিদুর রহমান আযাদ যে বক্তব্য দিয়েছিলেন তা আদালত অবমাননার পর্যায়ে পড়ে না। বিষয়টি আংশিক শোনার পর আদালত জানায়, বিষয়টি আরও পর্যবেক্ষণ করা হবে এবং পরবর্তী সপ্তাহে পরবর্তী (ফার্দার) শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী সপ্তাহে আসামিপক্ষের শুনানি শেষ হলে প্রসিকিউশন পক্ষ থেকে তাদের জবাব দেয়া হবে। আজ শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন আরও উল্লেখ করেন, এটি কাদের মোল্লার রায়ের আগের (সম্ভবত ২০১২ বা ২০১৩ সালের) আদালত অবমাননার ঘটনার বিষয়। এর আগে, এ সাজার বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা আজাদ।

উল্লেখ্য, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে ট্রাইব্যুনালের সমালোচনা করে বক্তব্য দেয়ায় ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি জামায়াতের এ নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তিনি পলাতক ছিলেন।
পরে ওই বছরের ৯ জুন তাকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন ট্রাইব্যুনাল। এরপর ২৫ জুন তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে কারাগারে যান। পরে তাকে জামিন দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।