এবার মৃত্যু ধর্ষণ-খুনে অভিযুক্তের

পশ্চিমবঙ্গে ফের পুলিশি এনকাউন্টার

এবার মৃত্যু ধর্ষণ-খুনে অভিযুক্তের

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশের কায়দায় পুলিশি এনকাউন্টার তত্ত্ব কার্যকর করা শুরু হয়েছে। চার মাসের মধ্যে পশ্চিমবঙ্গে দুটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এবারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে ধর্ষণ-খুনে অভিযুক্তের। মঙ্গলবার রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ।

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, সে সময়ে অভিযুক্ত যুবক পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়েছিল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়ছে পুলিশ। তাতে গুলিবিদ্ধ হন অভিযুক্ত প্রহ্লাদ দাস। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

গত রোববার গাইঘাটায় প্রতিবেশীর বাড়ির পেছন দিক থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় রোববারই ওই পরিবারের আত্মীয় প্রহ্লাদকে গ্রেফতার করেছে পুলিশ। এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে গত জুলাইয়ে বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলেরও মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। সে সময়েও পুলিশ দাবি করেছিল, গভীর রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযুক্ত পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার্থে পাল্টা গুলিতে মৃত্যু হয়েছিল অভিযুক্তের।

পুলিশের এই এনকাউন্টার তত্ত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। উত্তরপ্রদেশের মতো রাজ্যটিতে একই কায়দা অনুসরণের অভিযোগ তোলা হয়েছে।