কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুড়ে যাওয়া লাশের পরিচয় শনাক্ত করে। তবে এখনো একজন নারী নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার শনাক্ত হওয়া লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার দু’টি পরিবারের মধ্যে এক পরিবারের ছয়জন এবং আরেক পরিবারের চারজন সদস্য রয়েছেন। পুলিশ সূত্র জানিয়েছে, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তাদের হাতে এসেছে।
নিহতদের মধ্যে রয়েছেন—মৌলিতা মেহজাবিন আলভি (১৯), লায়লা জাহান নাবিলা (২৫) ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), ফারিয়ার ছয় বছরে ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং ফারিয়ার ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তারা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকায় থাকতেন।
নিহত অন্য চারজন একই পরিবারের সদস্য। তারা হলেন—ঢাকার শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।
অগ্নিকাণ্ডের পর উদ্ধার হওয়া ১০টি মরদেহের পরিচয় শনাক্ত হলেও নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার (২৭) ডিএনএর সঙ্গে উদ্ধার হওয়া মরদেহগুলোর নমুনার মিল পাওয়া যায়নি। মুক্তা ঢাকার সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে বেড়াতে কক্সবাজারে এসেছিলেন তিনি।
