কক্সবাজারে গুঁড়িয়ে দেয়া হলো ৪ তলা ভবন

কক্সবাজারে গুঁড়িয়ে দেয়া হলো ৪ তলা ভবন

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নির্মাণকাজ বন্ধ রাখার নোটিশ উপেক্ষা করে ভবন নির্মাণ অব্যাহত রাখার অভিযোগে চারতলা একটি ভবন ভেঙে ফেলেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। গতকাল সকালে ইনানীর রয়েল টিউলিপ হোটেলের সামনের ভবনটিতে এ অভিযান চালানো হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছি। যে ভবনটি ভাঙা হয়েছে, সেটি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল। ভবনটির নির্মাণকাজ চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়েছিল। সর্বশেষ গত ১৯শে অক্টোবর নির্মাণকাজ বন্ধ রাখতে নোটিশ দেয়া হয়। কিন্তু ওই নোটিশ উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়। পরে সোমবার চারতলা ভবনটি ভেঙে ফেলা হয়েছে।

এদিকে গত ১৭ই অক্টোবর ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর পর্যটন এলাকায় হোটেল, রিসোর্ট ও অন্যান্য স্থাপনার অনুমোদন, অগ্নিনিরাপত্তা এবং নির্মাণবিধি অনুসরণের বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টুপটুপ রিসোর্টটির প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা সনদ ছিল না। এর আগে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়েছিল। পর্যটন এলাকার স্থাপনাগুলোর অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।