ভারতের বিপক্ষে সেরাটা দেয়ার লক্ষ্য আশরাফুলদের

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি

ভারতের বিপক্ষে সেরাটা দেয়ার লক্ষ্য আশরাফুলদের

ফন্ট সাইজ:

প্রায় এক মাসের ব্যবধানে আবারো ভারতের মুখোমুখি বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবেন আশরাফুল-আমিরুলরা। অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলে হারা বাংলাদেশ দুঃসহ স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে চায়। সামর্থ্যের সর্বোচ্চটা নিংড়ে দেয়ার লক্ষ্য পিটার গেরহার্ড শিষ্যদের। জাপানে এশিয়ান গেমসের মঞ্চে স্বর্ণপদক জেতা ভারত হকির বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে অষ্টম স্থানে। এশিয়ার হকি বিশ্বকাপ নামে খ্যাত ‘এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি’তে পাঁচবার শিরোপা জিতেছে তারা।

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে নামবে। শক্তিমত্তায় এগিয়ে থাকা ফেভারিট ভারতের বিপক্ষে লড়াইয়ে বার্তা বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলামের কণ্ঠে। তিনি বলেন, ‘ভারতে এসে দুইবেলা করে অনুশীলন করেছি। প্লেয়াররা আত্মবিশ্বাসী। কোচের প্ল্যান অনুযায়ী, আমরা সেরাটা দিতে পারলে আশা করি, ভালো কিছু হবে।’ এশিয়ান গেমসে ১২ দলের মধ্যে সপ্তম হয় বাংলাদেশ হকি দল। টুর্নামেন্টে সাত ম্যাচে ৩১ গোল হজম করে লাল-সবুজ প্রতিনিধিরা। বিপরীতে ১৫টি গোল করেন আশরাফুল-জিমিরা। এরপর জাপান থেকে ৬ই অক্টোবর দেশে ফেরে হকি দল। এরপর ছুটি কাটিয়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফির জন্য সপ্তাহখানেক অনুশীলন করে।

টুর্নামেন্টকে সামনে রেখে ২৩শে অক্টোবর ভারতে পা রাখার পর টানা তিনদিন দলকে প্রস্তুত করেন গেরহার্ড। তবে উদ্বোধনী ম্যাচে ভারতকে ফেভারিট মানছেন টিম ম্যানেজার রাহুল রায়। তিনি বলেন, ‘হকিতে ভারতকে বলা হয় এশিয়ান জায়ান্ট। তাদের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। এশিয়ান গেমসে তাদের বিপক্ষে খেলা হয়েছে। হেড কোচ পরিকল্পনা সাজিয়েছেন। সেই অনুযায়ী খেলতে পারলে আশা করছি ভারতের বিপক্ষে ভালো কিছু হবে।’

দ্বিতীয়বারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে সবশেষ এ টুর্নামেন্টে অংশ নেয় লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশ ছাড়া এবারের টুর্নামেন্টে খেলছে- স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। ভারতের জলন্ধর ও মোহালিতে আগামী ২৭শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছয় দেশের এই প্রতিযোগিতা। লীগ পর্ব শেষে ৪ঠা নভেম্বর সেমিফাইনাল এবং ৫ই নভেম্বর স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।