এশিয়া কাপ আরচারি

চার দলগত ইভেন্টে সোনালি সুবাস বাংলাদেশের

ফন্ট সাইজ:

ইরাকের সুলাইমানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ আরচারি (ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২)তে চার বিভাগে স্বর্ণপদকের সুবাস পাচ্ছে বাংলাদেশ। গতকাল রিকার্ভ পুরুষ, কম্পাউন্ড পুরুষ, কম্পাউন্ড নারী, কম্পাউন্ড মিক্স টিম- চার দলগত ইভেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালে জায়গা করে নেন লাল-সবুজের আরচাররা। এ ছাড়া রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে রয়েছে বাংলাদেশ। চার দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি উজবেকিস্তান দল।

সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া দলটি সরাসরি ৬-০ সেট পয়েন্টে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে। র‌্যাঙ্কিং রাউন্ডে শীর্ষে থাকায় কোয়ার্টার ফাইনাল খেলতে হয়নি তাদের। অন্যদিকে, স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কাজাখস্তান। আগামী ২৯শে অক্টোবর রিকার্ভ পুরুষ দলের স্বর্ণপদকের লড়াই অনুষ্ঠিত হবে। কম্পাউন্ড পুরুষ ইভেন্টের সেমিফাইনালেও দাপট বাংলাদেশের। হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও নেওয়াজ আহমেদ জুটি ২৩১-২১৫ পয়েন্টে শ্রীলঙ্কা আরচারদের পরাজিত করেন।

আগামীকাল এই ইভেন্টের ফাইনালে কাজাখস্তানের মুখোমুখি হবেন হিমু-নেওয়াজরা। সেমিফাইনালে ইরাককে ২২৯-২১৮ পয়েন্টে হারায় কাজাখস্তান। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও ফাইনালে যাওয়ার পথে দারুণ দাপট দেখায় বাংলাদেশ। সেমিফাইনালে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির গড়া দল শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ পয়েন্টে হারায়। র‌্যাঙ্কিং রাউন্ডে শীর্ষস্থান অর্জনের সুবাদে এই ইভেন্টেও সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পায় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণে ইরাক ও কাজাখস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে দুই দলের স্কোর ২১৭-২১৭ ড্র হওয়ার পর শুটঅফে ২৯-২৭ পয়েন্টে জিতে ফাইনালে নাম লেখায় কাজাখস্তান।

আগামীকাল কম্পাউন্ড নারী দলের স্বর্ণপদকের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া কম্পাউন্ড মিক্স টিমের সেমিফাইনালে বাংলাদেশের বন্যা আক্তার ও নেওয়াজ আহমেদ জুটি ১৫৪-১৪১ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। দলগত ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও দারুণ ছন্দে আছেন বাংলাদেশি আরচাররা। আজ কম্পাউন্ডের ব্যক্তিগত বিভাগে শেষ আটে ওঠার লড়াইয়ে নামবেন বন্যা, কুলসুম ও শ্রীপর্ণা।