বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত মুখ হলেও এতদিন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ বিগ ব্যাশ লিগে (বিবিবি) খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে চলেছে। আসছে বিগ ব্যাশের আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার।
ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র বা এনওসি চেয়েছেন ‘কাটার মাস্টার’। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই পেসারকে পুরো টুর্নামেন্টের জন্যই এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আগামী ১২ ডিসেম্বর শুরু হয়ে ২৫ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিগ ব্যাশের ১৬তম আসরের। একই সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের টি-টোয়েন্টি পর্ব (১২-৩১ ডিসেম্বর) থাকায় মোস্তাফিজকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ঘরোয়া এই আসরটিকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল ও পিএসএলের মতো বড় মঞ্চ মাতিয়ে এবার অস্ট্রেলিয়ার গতির উইকেটে নিজের বোলিং ধার দেখাতে প্রস্তুত এই বাঁহাতি পেসার।
এদিকে শুধু মোস্তাফিজই নন, অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি লিগে টাইগারদের প্রতিনিধিত্ব বাড়াচ্ছেন রিশাদ হোসেনও। গত আসরের মতো এবারও হোবার্ট হারিকেনসের হয়েই মাঠ মাতাবেন এই লেগস্পিনার। অভিষিক্ত আসরেই ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার এবং ৭.৮২ ইকোনমি রেখে দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন রিশাদ। তাঁর সেই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ এবারও তাঁকে নিজেদের বহরে ধরে রেখেছে হোবার্ট ফ্র্যাঞ্চাইজি।
বিগ ব্যাশে প্রথমবার ডাক পেলেন মোস্তাফিজুর
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
২৬ অক্টোবর (সোমবার), ২০২৬, ৩ঃ৫৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
