রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দলগত ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারি

রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দলগত ফাইনালে বাংলাদেশ

ফন্ট সাইজ:

ইরাকের সুলাইমানিয়াহতে এশিয়া কাপ আর্চারি (ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২)-তে স্বর্ণপদকের সুবাস ছড়াচ্ছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী—দুই দলগত ইভেন্টেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন লাল-সবুজের আর্চাররা। দুটি ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে উজবেকিস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া দলটি সরাসরি ৬-০ সেট পয়েন্টে জয় তুলে নেয়। র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম হওয়ায় কোয়ার্টার ফাইনাল খেলতে হয়নি বাংলাদেশের আর্চারদের। ফাইনালে ওঠার অন্য লড়াইয়ে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে কাজাখস্তান ফাইনালে নাম লেখায়। ২৮ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে নামবে রিকার্ভ পুরুষ দল।

অন্যদিকে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও ফাইনালে যাওয়ার পথে দারুণ দাপট দেখিয়েছে বাংলাদেশ। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির গড়া দল সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে। র‍্যাঙ্কিং রাউন্ডে শীর্ষে থাকায় এই ইভেন্টেও সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে ইরাক ও কাজাখস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে দুই দলের স্কোর ২১৭-২১৭ ড্র হওয়ার পর শুটঅফে ২৯-২৭ পয়েন্টে জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করে কাজাখস্তান। আগামী ২৯ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে নামবে কম্পাউন্ড নারী দল।​