ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। বিএনপি’র হেভিওয়েট তিন প্রার্থীই সাবেক সংসদ সদস্য হওয়ায় জয়ে আত্মবিশ্বাসী তারা। এদিকে বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতের তিন প্রার্থী। বলছেন, পরিবর্তনের অপেক্ষায় থাকা ভোটারেরা বেছে নেবেন তাদেরকেই। ভোটের মাঠে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে, আশা ভোটারদের।
আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট প্রার্থী ১৬ জন। এবার ভোটার ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। মোট ৫১৫ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১১৫টি। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে। সীমান্তবর্তী জেলাটিতে শক্তিশালী ভোটব্যাংক থাকায় জোরালো অবস্থানে বিএনপি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপি’র পাওয়া ছয়টি আসনের মধ্যে দু’টিই ছিল চাঁপাইনবাবগঞ্জে। এবারের প্রার্থী তিনজনই সাবেক সংসদ সদস্য এবং তাদের মধ্যে দু’জন একাধিকবার নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি’র প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, প্রচারের দরকার আছে ঠিকই, তবে প্রচার করে এই এলাকার মানুষের মনে অন্য কেউ ঢুকতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ বলেন, নির্বাচনী প্রচারে অভিজ্ঞতা খুবই ভালো। এখন পর্যন্ত উদ্বেগের কোনো সংবাদ আমি পাইনি। এদিকে উপজেলা পরিষদ-পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের নেতারা বেশ কয়েকবার জয় পেয়েছেন। এলাকায় তাদেরও রয়েছে উল্লেখযোগ্য ভোটব্যাংক। এর ওপর ভর করেই জাতীয় নির্বাচনেও জয়ের আশা প্রার্থীদের। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী মো. মিজানুর রহমান বলেন, বিকল্প হিসেবে এবার জামায়াতকেই বেশি পছন্দ করছে জনগণ।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, আক্রমণাত্মক বক্তব্যের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার তাদেরকেই নিতে হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহদাত হোসেন মাসুদ বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বিভিন্ন বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনী সহিংসতা ঠেকাতে প্রতিটি কেন্দ্র সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী থাকবেন। যাতে কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মূল লড়াইয়ে বিএনপি-জামায়াত
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ থেকে
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
