আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রীর আলোচনা

আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রীর আলোচনা

ফন্ট সাইজ:

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস রোববার রিয়াদে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, সামুদ্রিক নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করেন তারা। সৌদি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানির নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক নৌপথগুলো সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেন তারা। বিবৃতিতে সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনের গুরুত্ব তুলে ধরা হয়। হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের দিকে তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে এই পাইপলাইন সৌদি আরবের তেল রপ্তানি অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া গ্রিসের মধ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে ইউরোপের বিদ্যুৎ সংযোগ স্থাপনের পরিকল্পনা নিয়েও আলোচনা করেন দুই নেতা।

প্রতিনিধিদল নিয়ে রিয়াদে পৌঁছান মিৎসোতাকিস। কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে আল-ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন তিনি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সরবরাহব্যবস্থা, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সৌদি আরব ও গ্রিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তির সময়ে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। যৌথ বিবৃতি অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৭০ কোটি ডলার।