সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিখুঁত’ হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বাহিনী। এ ছাড়া সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশন লক্ষ্য করে একাধিক ড্রোন হামলারও দাবি করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
সৌদি বাহিনী রিয়াদ অভিমুখে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর এই বিবৃতি এলো। ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এর জবাবে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। রোববারও রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি করেছিল হুতিরা।
একই সঙ্গে খামিস মুশাইত শহরের কিং খালেদ বিমানঘাঁটি এবং জাজানের একটি নৌঘাঁটিতেও হামলা চালানোর দাবি জানায় তারা। এর আগে হুতিরা অভিযোগ করে, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনে অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশ। তবে রিয়াদ বিমানবন্দর ও অন্যান্য স্থাপনায় হুতিদের হামলার দাবি এবং সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা হামলার বিষয়ে নিরপেক্ষভাবে যাচাই করা বিস্তারিত তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
