সাইবার নিরাপত্তা ঝুঁকির মধ্যে এবার বন্ধ পাওয়া গেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ও বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট। রোববার ব্যাংক দু’টির ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে রক্ষণাবেক্ষণের নোটিশ দেখা গেছে। তবে ওয়েবসাইট বন্ধের কারণ হিসেবে সাইবার হামলার কথা উল্লেখ করেনি ব্যাংক দু’টি।
জনতা ব্যাংকের ওয়েবসাইটে ‘সিস্টেম মেইনটেন্যান্স’ শিরোনামে দেয়া নোটিশে বলা হয়েছে, তাদের অ্যাপ্লিকেশনে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। শিগগিরই এটি চালু হবে। এজন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্যাংকটি।
অন্যদিকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটে ‘ইমপর্ট্যান্ট নোটিশ: সার্ভিস মেইনটেন্যান্স’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কারণে ওয়েবসাইটের সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব সেবা পুনরায় চালু করতে কাজ চলছে। এজন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে অপেক্ষা ও সহযোগিতা কামনা করেছে ব্যাংকটি। প্রয়োজনে ১৬৭৯৬ নম্বরে ফোন করে অথবা নির্ধারিত ই-মেইলে যোগাযোগের পরামর্শও দেয়া হয়েছে।
ওয়েবসাইট দু’টি বন্ধ থাকায় গ্রাহকেরা অনলাইনে ব্যাংকগুলোর বিভিন্ন তথ্য ও ওয়েবসাইটভিত্তিক সেবা নিতে পারছেন না। একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইট দু’টিতে প্রবেশ করা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
জনতা ব্যাংক থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, রোববার (২৫শে অক্টোবর) বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে ‘সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট’ বা এই সংক্রান্ত শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রকাশিত সংবাদে উল্লেখিত জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি সত্য নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনতা ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের রিপোর্টের প্রতিবাদ জানানো হচ্ছে এবং নিম্নে প্রকৃত সত্য তুলে ধরা হলো।
পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা: বিশ্ব জুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২২শে অক্টোবর) থেকে সরকারি ছুটির দিনগুলোতে জনতা ব্যাংকের ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে অফলাইনে বা বন্ধ রেখে পুনরায় চালু করা হয়েছে।
