সিসিক প্রশাসক কাইয়ুম পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার

ফন্ট সাইজ:

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবহন সেক্টরের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একজন চালক দক্ষ হওয়া সত্ত্বেও অনেক সময় অন্য কোনো অদক্ষ চালকের কারণে দুর্ঘটনার শিকার হন। অনেকের প্রাণ পর্যন্ত চলে যায়। আর এতে বিপদে পড়ে ওই শ্রমিকের পরিবার। বিএনপি সরকার শ্রমিকবান্ধব। সরকার সর্বদা শ্রমিকদের পাশে আছে। সিলেট সিটি করপোরেশনও সর্বদা শ্রমিকদের কল্যাণে পাশে থাকবে। রোববার দুপুরে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের মধ্যে কল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দীন লস্কর ও ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সংগঠনের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কার্যকরী সদস্য আজিজ আহমদ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ। অনুষ্ঠানের শেষ পর্বে শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।