সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১২৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২২৭ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৭৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৮০ জন। এই সময়ে ১ হাজার ১৮৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬৯ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৬৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৪০০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।
