কুমিল্লার বাঙ্গরা উপজেলা আকুবপুর ইউনিয়নে প্রবাসীর বোনকে কেন্দ্র করে পূর্ববিরোধ ও প্রেমের সম্পর্কের জেরে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতের ভাগ্নে শিপন মিয়াকে প্রধান অভিযুক্ত করে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, নিহত মাসুদ মিয়ার ভাগ্নে ও মামলার প্রধান অভিযুক্ত শিপন মিয়ার সঙ্গে স্থানীয় এক নারীর (লাজু) প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল। এই সম্পর্ককে কেন্দ্র করে শিপন মিয়া নিহত মামা মাসুদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটিয়ে আসছিল। এর জেরে দীর্ঘদিন ধরেই মামা-ভাগ্নের মধ্যে মনমালিন্য ও বিরোধ চলে আসছিল। গত ২৪শে অক্টোবর রাতে পূর্ব-পরিকল্পিতভাবে কৌশলে মাসুদ মিয়াকে কোড়েরপাড় মধ্যপাড়া এলাকার ইসরাইলের বাড়ির পূর্বপাশের কাঁচা রাস্তায় ডেকে নেয়া হয়। সেখানে ওত পেতে থাকা শিপন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ছাড়া তার ডান হাঁটুর নিচেও মারাত্মক জখম করা হয়।
এ সময় মাসুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে, অভিযুক্ত শিপন হাতে থাকা রক্তমাখা ধারালো অস্ত্র উঁচু করে প্রদর্শন করে ভয় সৃষ্টি করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুফিয়া বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন জানান, আমরা প্রধান অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করেছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
বাঙ্গরায় মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মুরাদনগর প্রতিনিধি
২৬ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
