কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরের রসুলপুরে নিজ ফ্ল্যাটে যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তার (৪৬) কে গলা কেটে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলোÑ মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (২১)। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গত ২৩শে অক্টোবর সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুরের রসুলপুর বাজারের সুইডেন প্লাজার তৃতীয় তলায় নিজ ফ্ল্যাটে ডালিয়া আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথমে মো. অনিক এবং পরে মো. আলমগীর হোসেন ও মো. আশিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা নিহত নারীর পূর্বপরিচিত ছিল। তারা জানতো, সকালে ফ্ল্যাটে গৃহকর্মীর প্রবেশের সুবিধার্থে দরজা খোলা রাখা হতো। এ সুযোগে পাশের ভবনের ছাদ দিয়ে তারা ফ্ল্যাটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চুরির সময় ডালিয়া আক্তার বিষয়টি টের পেয়ে চিৎকার করলে তাকে মারধর করে গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ২৩শে অক্টোবর নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহত ডালিয়ার মেয়ে লিজা জানান, তার মা’কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য চুরি হলে চোর কিছু চুরি করলো না কেনÑ প্রশ্ন মেয়েসহ পরিবারের লোকজনের।