এবার হাজারীবাগের কুরিয়ার সার্ভিসের গুদামঘরে আগুন দেয়ার চেষ্টা, কর্মীকে মারধর

ফন্ট সাইজ:

হামলা, হুমকির পর এবার রাজধানীর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে গুদামঘরে এবার পেট্রল ঢেলে আগুন দেয়ার চেষ্টা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কাজ শেষে বাসায় যাওয়ার পথে প্রতিষ্ঠানটির একজন কর্মীকেও মারধরের করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, রোববার ভোরে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত গুদামঘরের কাছে আসেন। তারা কাপড়ে পেট্রল ঢেলে গুদামঘরের পেছনের অংশে আগুন দেয়ার চেষ্টা করেন। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেল করে পালিয়ে গেলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
এর আগে গত শুক্রবার রাতে কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় করা মামলার বাদীকে ফোনকলে হত্যার হুমকি দেয়া হয়। বলা হয়, ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে।এ নিয়ে প্রতিষ্ঠানটিতে পাঁচ দিনের মধ্যে দুবার হামলা ও একবার আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে।

কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, আগুনের চেষ্টার দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৬টার দিকে কুরিয়ার সার্ভিসের এক কর্মী কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। এ সময় ৬-৭ জন দুর্বৃত্ত তাঁর গতি রোধ করেন। এ জে আর কুরিয়ার সার্ভিসের কর্মী কি না জানতে চান। পরে মারধর করে তাঁর সঙ্গে থাকা একটি স্মার্ট ফোন ও মানিব্যাগ ছিনতাই করে নেয়া হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে হামলা চালায়। প্রতিষ্ঠানটি দুই বছর আগে সিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নেয়। তবে এখন থেকে জমির ভাড়া শিকদার গ্রুপকে না দিয়ে ইমনকে দেওয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় ২১ অক্টোবর এ জে আর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক আফসার উদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। পুলিশ এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, আসামিরা টাকা নেয়ার জন্যই ভীতি সৃষ্টির চেষ্টা করছেন। এই ধরনের হামলা ও ভাঙচুর ঠেকাতে পুলিশ চেষ্টা করছে। পাশাপাশি আসামি গ্রেপ্তার অভিযানও চলছে। গ্রেপ্তার দুই আসামির তথ্যের ভিত্তিতে লুট হওয়া সিসিটিভি ক্যামেরার চারটি ডিভিআর (ফুটেজ সংরক্ষণের যন্ত্র) উদ্ধার করেছেন তাঁরা। শনিবার রাতে রায়েরবাজারের একটি মাঠের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।