খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ২

ফন্ট সাইজ:

খুলনার সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়া রকিবুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বসুপাড়া বকুলতলা শতরূপার মোড়ে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে বাড়ির মালিক মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে ভাড়াটিয়ার মাথায় আঘাত করে। এতে রকিবুল আহত হলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সোনাডাঙ্গা থানার এএসআই আল মিরাজ খান বলেন, মৃত ভাড়াটিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলা হলে তাদের গ্রেপ্তার করা হবে।