মাদক নির্মূল, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করছে পুলিশ। এক্ষেত্রে জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে পারে।
রোববার সকাল ১০টায় বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সাংবাদিক ভাইয়েরা পুলিশকে সহায়তা করতে পারে। পুলিশ শক্তিশালী না হলে আমাদের সমাজের কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে না।
সমাবেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করা, অপরাধ দমনে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মিসেস পারভীন আক্তার, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু প্রমুখ।
