কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপর মাদক কারবারি পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানার নেতৃত্বে একটি দল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকার নবীন ছাত্রাবাসের সামনে অভিযান চালিয়ে শামীম আহমেদ সামিউলকে আটক করে।

পরে তার নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৬৬০ টাকা উদ্ধার করে। এ সময় সোহেল নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। আটক ও পলাতক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। রোববার দুপুরে শামীম আহমেদ সামিউলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।