রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আটক ১২

ফন্ট সাইজ:

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, নারী নির্যাতন মামলার আসামি ও দুই কিশোরসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। রোববার রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে মাদক কারবারের অভিযোগে আটক করা হয়েছে। তারা হলো- জুয়েল (৪২), মো. কাজল (৪৫), আতিকুর রহমান (২৮) ও কাঞ্চন দে (৩৬)। এ ছাড়া বরকল উপজেলার সুবলং এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চাকমা (২৫) ও রিমন চাকমা (২২)কে রাস্তায় বেসামাল অবস্থায় জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক তিনজন হলো- মোহাম্মদ ইয়াছিন (৪৮), মো. নেয়ামত উল্লাহ (২৪) ও শিমুল (২৪)। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত পুলিশি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এদিকে, নারী নির্যাতনের অভিযোগে জাকির হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, কিংবা মামলার ধারাসহ বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। অন্যদিকে, সন্দেহজনক অবস্থায় শুভ বড়ুয়া (১৭) ও মো. মারুফ হোসেন (১৭) নামে দুই কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও তথ্য যাচাই বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এরপর মুচলেকা নিয়ে দুই কিশোরকে তাদের বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আটক প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।