চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জুয়েল রানা। এতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেন দায়িত্ব পালন করবেন। করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এজন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন তিনি। এর আগে, ২০২১ সালের ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেন মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। পরে ২০২৪ সালের ১লা অক্টোবর ওই মামলার রায়ে তাকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন আদালত। একই বছরের ৮ই অক্টোবর তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন।
