শিমুল বিশ্বাসের জন্য উজ্জীবিত পাবনা বিএনপি ঐক্যের বার্তায় চাঙ্গা নেতাকর্মী ও তৃণমূল

ফন্ট সাইজ:

বিশিষ্ট শ্রমিক নেতা ও সাবেক বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন দেয়ায় পর থেকে পাবনা বিএনপি’র রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞ এই নেতাকে স্বাগত জানিয়ে সবাই এক কণ্ঠে দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। জেলা বিএনপি’র নেতারা বলছেন, শিমুল বিশ্বাস পাবনা-৫ এ মনোনয়ন পাবার পর পাবনা বিএনপিতে কোনো ধরনের দ্বন্দ্ব বা গ্রুপিং আর এখন নেই। বরং সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতেই এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। গত ৮ই ফেব্রুয়ারি পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, শিমুল বিশ্বাসের মনোনয়নের মাধ্যমে পাবনা বিএনপিতে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। এখানে কোনো বিভাজন নেই। সবাই একসঙ্গে কাজ করছি এবং আগামী আন্দোলন-সংগ্রামে দলকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। শিমুল বিশ্বাসের প্রতি আসনের মানুষের যে আস্থা তৈরি হয়েছে, তার পেছনে রয়েছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার দীর্ঘদিনের অবদান। শিমুল বিশ্বাস বলেন, এটি আমার ব্যক্তিগত কোনো অর্জন নয়। আমাকে সুযোগ দেয়া শ্রমজীবী মানুষের প্রতি দলের আস্থার প্রতিফলন। আমি সবসময় তাদের সম্মান, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি করে এসেছি, আগামীতেও সেটিই করে যাবো। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় শিমুল বিশ্বাস সাম্যবাদী চেতনা ও মওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যুক্ত হন। সময়ের পরিক্রমায় তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন সহচর হিসেবে পরিচিতি লাভ করেন। নিজ নির্বাচনী এলাকা পাবনা-৫ (সদর) জুড়ে তার সক্রিয়তা শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সহায়তায় তাকে নিয়মিতভাবে দেখা গেছে। তরুণ প্রজন্মের কাছে তিনি একজন পরিশ্রমী, নীতিনিষ্ঠ ও মানবিক রাজনীতিক হিসেবে পরিচিত।
সবমিলিয়ে, শিমুল বিশ্বাসের জন্য পাবনা বিএনপিতে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে।

পাবনা-৫ আসনের ভোটাররা আশা করছেন, তার নেতৃত্বে এই এলাকায় রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের মর্যাদা পুনরুদ্ধারের একটি নতুন অধ্যায় সূচিত হবে।


আলমগীর কবীর হৃদয়

৪ মাস আগে

তথ্য সমৃদ্ধ সংবাদ উপস্থাপন বাস্তব চিত্র উঠে এসেছে।

মন্তব্য করুন