পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও জীবনধারা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক, গান, নৃত্য, উৎসব ও ঐতিহ্য জাতীয় সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে। এসব সংস্কৃতি সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়াতে হবে।
পরিদর্শনকালে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মার্ধবী মারমা, জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার ওহাবুল খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা। বান্দরবানের বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি জোরদারে এ ধরনের মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
