সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবর হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য রোববার দুপুরে জেদ্দা থেকে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এ সময় ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর পক্ষে মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো: লোকমান হোসেন,জনসংযোগ কর্মকর্তা মোঃ ফরহাদ আহমেদসহ দায়িত্বশীল কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।
এর আগে ওমরাহযাত্রীদের নিরাপদে দেশে ফেরাতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সমন্বয় করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের তরফে জানানো হয়,ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের নিজস্ব উদ্যোগে সেখানে অবস্থানরত ওমরাহযাত্রীদের দুই দিনের আপ্যায়ন ও পোশাকের ব্যবস্থা করা হয়। এছাড়া পরবর্তীতে বিমানবন্দরে প্রত্যাবর্তণের পর ধর্মমন্ত্রীর ব্যক্তিগত তহবিল হতে ওমরাহযাত্রীদের আপ্যায়ন ও নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যানবাহন সুবিধা প্রদান করা হয়।
কাফেলার নেতৃত্বে থাকা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে থাকাকালীন ধর্মমন্ত্রী প্রতিমুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং কর্তৃপক্ষকে তাদের সবসময় পাশে থেকে সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, লাগেজ না পাওয়ার কারণে বিপাকে পড়া যাত্রীদের মাঝে ধর্মমন্ত্রীর নির্দেশনায় আপ্যায়ন, পোশাক-পরিচ্ছদসহ প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। এছাড়া ওমরাহযাত্রীরা রিয়াদে বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, হুতি বিদ্রোহীদের হামলার শিকার বাংলাদেশি ওমরাহ কাফেলার ৭ ওমরাহযাত্রী আহত অবস্থায় রিয়াদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
