আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। তবে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকার মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা নদীর তীরে প্রকল্পের কারিগরি বিষয় নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। মন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী এর সুবিধা পাবে। এতে প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবেন। এটি সরকারের একটি মাস্টারপ্ল্যানভিত্তিক প্রকল্প এবং বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।
নির্বাচিত হওয়ার মাত্র আড়াই মাসের মাথায় সরকার এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। তবে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকার মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন- পাবনা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ।
