চট্টগ্রাম বিমানবন্দরে ১৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার, আটক ১

ফন্ট সাইজ:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেছে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের যৌথ দল। রোববার সকাল ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। বিমানবন্দরের আগমন হলে ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তার সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর তল্লাশি চালানো হয়। এ সময় তার হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাক থেকে চুড়ি আকারের স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শরীফ নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বিপরীতে রাজস্বের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। বিমানবন্দরের জনসংযোগ শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের যৌথ অভিযানে স্বর্ণালংকার উদ্ধারের পর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর কাস্টমসের তত্ত্বাবধানে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। আটক মো. শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তার পাসপোর্ট নম্বর অ০১০০০৯৬৪০। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র সদস্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া স্বর্ণ চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাগুলো, কাস্টমস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।