নতুন বাস যুক্ত করা নিয়ে পরিবহন মালিকদের বিরোধের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা। শনিবার দুপুর ১২টা থেকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এবং বিকাল ৫টা থেকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। রোববারও বাস চলাচল বন্ধ থাকায় কিশোরগঞ্জের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কিংবা ঢাকা থেকে কোনো বাস টার্মিনালটিতে আসেনি। পরিবহন মালিক ও শ্রমিক সূত্রে জানা গেছে, ঢাকা ও কিশোরগঞ্জ থেকে অনন্যা পরিবহনের নতুন চারটি বাস রুটে যুক্ত করা নিয়ে দুই অঞ্চলের পরিবহন মালিকদের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।
তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সমঝোতা না হওয়ার আগেই ঢাকা থেকে দু’টি নতুন বাস রুটে নামানো হয়। এর প্রতিবাদে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কিশোরগঞ্জের পরিবহন মালিক নেতাদের অভিযোগ, আলোচনা শেষ হওয়ার আগেই একতরফাভাবে নতুন বাস চালু করা হয়েছে। এতে রুটের প্রচলিত নিয়ম ও শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে। বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত অনন্যা পরিবহন, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকবে বলে তারা জানিয়েছেন। কিশোরগঞ্জের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল আলম জোসেফ বলেন, ঢাকা ও কিশোরগঞ্জ থেকে অনন্যা পরিবহনের নতুন চারটি বাস যুক্ত করার বিষয়ে ঢাকার মালিকদের সঙ্গে আলোচনা চলছিল।
কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই ঢাকা থেকে দু’টি বাস রুটে নামানো হয়। এর প্রতিবাদে শনিবার দুপুর থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, নিয়ম মেনে আলোচনার মাধ্যমে বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল স্বাভাবিক হবে না।
এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাখালী ও কিশোরগঞ্জের গাইটাল বাস টার্মিনালে এসে বিপাকে পড়েন যাত্রীরা। আগে থেকে কোনো ঘোষণা না থাকায় অনেকেই বাস চলাচল বন্ধের বিষয়টি জানতে পারেন টার্মিনালে পৌঁছানোর পর। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি অনেকে। বিকল্প যানবাহনের সংকটের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
