লালমোহনে নিষেধাজ্ঞার শেষপ্রান্তেও চালের অপেক্ষায় জেলেরা

লালমোহনে নিষেধাজ্ঞার শেষপ্রান্তেও চালের অপেক্ষায় জেলেরা

ফন্ট সাইজ:

নদীতে মাছ ধরায় চলছে নিষেধাজ্ঞা। বন্ধ আয়ের প্রধান উৎস। সংসার চালাতে গিয়ে করতে হচ্ছে ধারদেনা, বাড়ছে ঋণের বোঝা। এমন সংকটের সময়ে সরকারি সহায়তার চালই ছিল ভোলার লালমোহন উপজেলার জেলেদের একমাত্র ভরসা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উপজেলার ছয়টি ইউনিয়নের ১৬ হাজার ৫৭৫ জন জেলে এখনো বরাদ্দের চাল পাননি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন জেলেরা। নিষেধাজ্ঞার এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেয় সরকার। ৭ই অক্টোবরের মধ্যে জেলেদের মাঝে এ চাল বিতরণ করার কথা থাকলেও এখনো তা পাননি ছয়টি ইউনিয়নের জেলেরা। উপজেলার মেঘনা নদীর পাড়ের জেলে কামরুল মাঝি, মাকসুদ মাঝি, আব্বাস মাঝি ও রুবেল মাঝিসহ আরও কয়েকজন জেলে বলেন- মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় আমাদের আয়ের প্রধান উৎস বন্ধ থাকে।

তখন সরকারি সহায়তার চালই একমাত্র ভরসা। কিন্তু সময়মতো চাল না পাওয়ায় ধারদেনা করে চলতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার চাল পাওয়ার কথা থাকলেও এখন আমাদের সেই চালের জন্যই অপেক্ষা করতে হচ্ছে। জেলেদের অভিযোগ, তালিকাভুক্ত হয়েও অনেকে প্রকৃত জেলে হিসেবে সরকারি সহায়তা পান না। আবার চাল বিতরণে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগও রয়েছে। লালমোহন উপজেলায় ২৪ হাজারের বেশি জেলে তালিকাভুক্ত থাকলেও এবার ২১ হাজার জেলের জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে কালমা, রমাগঞ্জ ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে চাল বিতরণ করা হলেও অন্য ছয়টি ইউনিয়নের ১৬ হাজার ৫৭৫ জন জেলে এখনো বরাদ্দের চাল পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, স্থানীয় সরকারদলীয় নেতাদের সমন্বয় এবং তালিকা প্রণয়ন ও যাচাই বাছাইয়ে সমন্বয়হীনতার কারণে চাল বিতরণ করা সম্ভব হচ্ছে না।

যার জন্য এখনো সরকারি সহায়তার চাল থেকে বঞ্চিত রয়েছেন জেলেরা। তবে দ্রুত সময়ের মধ্যে চাল বিতরণের চেষ্টা করা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বারবার তাগিদ দেয়া হচ্ছে। আশা করছি- খুব শিগগিরই জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হবে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, মৎস্য অফিসকে তালিকা প্রস্তুত করে দ্রুততম সময়ের মধ্যে সব ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন করার জন্য বলা হয়েছে। এখনো কেন চাল বিতরণ সম্পন্ন হয়নি তা জেনে চাল বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।