চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু, বাসে আগুন পুলিশের গাড়িতে হামলা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু, বাসে আগুন পুলিশের গাড়িতে হামলা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যুর পর মহাসড়ক অবরোধ, মিনিবাসে আগুন এবং পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের করা মামলায় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া নয়াখালের উত্তর পাশে ডিবিএম ইটভাটা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মো. দেলোয়ার হোসেন (৩০)। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার চার বছর বয়সী মেয়ে ওয়াসিফার মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারের আরও চার সদস্য আহত হন। তাদের মধ্যে দেলোয়ারের স্ত্রী ও ছেলে গুরুতর আহত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র মতে চট্টগ্রামগামী একটি মিনিবাসের সঙ্গে কেরানীহাটগামী সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাবা-মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন দুর্ঘটনায় জড়িত মিনিবাসটিতে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধার মুখে পড়তে হয়। এ সময় সাতকানিয়া থানা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টারও অভিযোগ রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের বাধা দেয়া হয়। অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।

রাত সাড়ে নয়টার দিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায় এবং অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদেরও বাধা দেয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ জানায়, হামলা ও ভাঙচুরের ঘটনায় সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. জাহেদ বাদী হয়ে মামলা করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে ভিডিওচিত্রসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।