ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। শনিরার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর 
ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছে ১৩২ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৯৮ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৮১ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৩২ জন, খুলনায় ১৫৯ জন, বরিশালে ১৫২ জন, রাজশাহীতে ১৪১ জন, ময়মনসিংহে ৭৫ জন এবং রংপুরে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭২৫ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ১৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।