চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জসিম উদ্দিন (৩৭), আলম (৪০), মো. কাশেম (৩৫) ও মো. মোস্তাক হোসেন ওরফে রানা (২৫)। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে জসিম উদ্দিনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুলশী থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট থেকে রাত আড়াইটা পর্যন্ত জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, তদন্তাধীন বিভিন্ন মামলায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোনো মামলায় জামিনে থাকলেও অন্য মামলার আইনি প্রক্রিয়ার কারণে তাদের আদালতে পাঠানো হচ্ছে। পুলিশ আরও জানায়, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে আদালতে পাঠানো হচ্ছে।
চট্টগ্রামে সন্ত্রাসী বগার চার সহযোগী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
