বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের জীবন শায়ান্নে অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি বলেছেন, বিএনপি সরকার খেলাধুলাকে উৎসাহিত করছে, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারা দেশেই খেলাধুলার আয়োজন করা হচ্ছে। ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ শিরোনামে আয়োজিত কাজল আহমেদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চূড়ান্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে গ্রামগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের বের করে আনা সম্ভব হবে। যুব সমাজ ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থাকলে মাদক ও মোবাইল আসক্তি দূরে থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে, এসব মাঠে স্টেডিয়াম নির্মাণ করে খেলাধুলার চর্চা নিয়মিত রাখার সুব্যবস্থা নিশ্চিত করা হবে। এ সময় ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য চৌধুরীর নায়াব ইউসুফ, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, পর্তুগাল বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, পান্না গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিয়ান খানসহ মধুখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের আটটি জেলা থেকে অংশ নেয়া আট টিমের ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় গোপালগঞ্জ একাদশ ও নড়াইল একাদশ অংশ নেয়। গোপালগঞ্জ একাদশ তিন-এক গোলের ব্যবধানে নড়াইল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। শনিবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
খেলোয়াড়দের অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে: দুলু
ফরিদপুর প্রতিনিধি
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
