ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফেরাতে ভোরেই মাঠে প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

পঞ্চগড়ের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সরকারি নানা ব্যস্ততার মধ্যেও নিজ এলাকায় সময় পেলেই ভোরে মাঠে গিয়ে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে ফুটবল ও ব্যাডমিন্টন খেলায় অংশ নিচ্ছেন তিনি। তার এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোরবেলায় ফুটবল ও ব্যাডমিন্টন খেলার একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক ও প্রশাসনিক ব্যস্ততার বাইরে সাধারণ খেলোয়াড়দের সঙ্গে মাঠে তার এমন উপস্থিতি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। জেলার ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাবেক ক্রীড়াবিদরাও। খেলাধুলার প্রসারে প্রতিমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় বলেন, মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা এবং তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ নিয়মিত খেলাধুলার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও দক্ষ খেলোয়াড় তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি। সংশ্লিষ্টদের মতে, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাঠে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক আয়োজন বাড়ানো গেলে পঞ্চগড়ের ক্রীড়াঙ্গন আবারো প্রাণ ফিরে পেতে পারে।