স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। এ লক্ষ্যে আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্য খাতে কয়েক হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেয়া হবে। শনিবার সকাল ১১টায় ময়মনসিংহের তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব কথা বলেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে রূপান্তর করা হবে। সেখানে মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। প্রতিটি উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। এ ছাড়া উপজেলা হাসপাতালগুলোতে ৫০ শয্যার বিশেষায়িত ওয়ার্ড থাকবে। এর মধ্যে ২৫টি শয্যা পুরুষ ও ২৫টি শয্যা নারীদের জন্য নির্ধারিত থাকবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত ১৬ বছর স্বাস্থ্য খাত অবহেলিত ছিল। এ খাতে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার সাত মাসের মধ্যে প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে চার মাস সময় লেগেছে। গত তিন মাস ধরে কাজ শুরু হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্য বিভাগে আমূল পরিবর্তন আনা হবে। তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে জনবল নিয়োগ দিয়ে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোর সেবা চালু করা হবে। এর আগে মন্ত্রী তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বহির্বিভাগের সেবার কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের শৌচাগার অপরিচ্ছন্ন দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শিমু সাহা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবো: স্বাস্থ্যমন্ত্রী
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
