হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ফন্ট সাইজ:

দুর্গাপূজা উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে সকল কার্যক্রম চালু হয়েছে। এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচঞ্চলতা ফিরতে শুরু করেছে। তবে ছুটির রেশ পুরোপুরি না কাটায় বন্দরটি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, ভারতের দুর্গাপূজা উপলক্ষে সে দেশের প্রধান সড়কগুলোতে প্রতিমা প্যান্ডেল ও আলোকসজ্জার কারণে আমদানি-রপ্তানির বিকল্প রাস্তা ছিল না। ফলে সে দেশের ব্যবসায়ীরা এক পত্রের মাধ্যমে বন্দর দিয়ে আটদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানান। সেই অনুরোধে ১৬ই অক্টোবর থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল। শনিবার দুপুর ১২টার পর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। পাশাপাশি বন্দর থেকে পণ্য খালাস হয়ে দেশের বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়া শুরু করে।