সমাজের প্রভাবশালীরাই চাঁদাবাজি করে: আইজিপি

ফন্ট সাইজ:

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আইজিপি বলেন, চাঁদাবাজি যারা করে সমাজের প্রভাবশালী ব্যক্তি তারা। হয় সন্ত্রাসী অথবা কোনো না কোনো প্রভাবশালীর হয়ে তারা এই কাজগুলো করে। তাদের বিরুদ্ধে কিন্তু ভয়ে কেউ সাক্ষ্য দিতে চায় না অভিযোগও করতে চায় না।
আইজিপি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল গত ১৭ বছরে, পুলিশ বাহিনীর কার্যক্রমের মাধ্যমে। সেই জনআস্থা পুনরুদ্ধার করা এবং কার্যকরীভাবে কীভাবে পুলিশ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে সেই কার্যক্রম পরিচালনার জন্য আমার খুলনায় আসা। আলী হোসেন ফকির বলেন, যৌথ অভিযান চলছে মাদকের বিরুদ্ধে, কিশোর গ্যাং-এর বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। পুলিশের একটি শাখা হিসেবে কমিউনিটি পুলিশিং এখন থেকে কার্যক্রম পরিচালনা করবে। খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, কিছু অপরাধীরা খুন হচ্ছে আবার কিছু অপরাধী খুন করছে। জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন প্রয়োগ করতে গিয়ে কেউ বলছে বল প্রয়োগ করা হোক। বল প্রয়োগ করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট। বল প্রয়োগ না করলে বলা হয় দুর্বল পুলিশ। সুতরাং এগুলো আমরা দেখতে চাই না। আপনারা আমরা সবাই মিলে একটি কার্যকরী পুলিশ বাহিনীর মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ৫ই আগস্টের পরে সমাজের কী অবস্থা ছিল? পুলিশ ছিল না, এখন সব জায়গায় পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশকে পরামর্শ দেন। আমরা মানবিক পুলিশ হতে চাই, জনবান্ধব পুলিশ হতে চাই। এটা করতে গেলে আবার অনেকে বলছে পুলিশকে ভয় পায় না। তাদের আইনের আওতায় আনা হলেও কিছুদিন পর আবারও একই কার্যক্রম করছে। আমরা পলিসি ডেভেলপমেন্ট করছি, কীভাবে তাদের নির্মূল করা যায়।