রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে এক নারী ও দু’জন কিশোরসহ মোট ১৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দু’টি ধারালো চাকু, চারটি লোহার রড, একটি করাত কাটার চাকু ও ছিনতাই হওয়া চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন কিশোর ও একজন নারী রয়েছেন। এ ছাড়া এদের মধ্যে কুখ্যাত ছিনতাইকারী হাসনাইন হাসানও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমণ্ডি ও শেরেবাংলা নগর থানায় অন্তত ৬টি ছিনতাইয়ের মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শান্ত হোসেন শাহিন (২১), ফাহিমুল হাসান আলিফ (২২), আবির ব্যাপারী শান্ত (২৩), রাজীব (২৫), মো. আরাফাত রহমান (২০), মো. হাসনাইন হাসান (২৬), মো. নাঈম (২৫), নাঈম ওমর (২৩), মো. স্বপন (১৯) ও মোছা. খুশী আক্তার (১৯)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাসনাইন হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমণ্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে। এই চক্রের সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করতেন। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা নারীদের অসাবধানতার সুযোগ নিয়ে ব্যাগ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তারা।
